পরীক্ষার হলে বসে বন্ধুকে প্রশ্ন পাঠালেন পরীক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে পরীক্ষা চলাকালে অসাধুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়েছেন এক পরীক্ষার্থী।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের ৩০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া প্রথম শিফটের পরীক্ষায় ধরা পড়েন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার প্রথম শিফটে সমাজবিজ্ঞান অনুষদের ৩০৪ নম্বর কক্ষ থেকে আটক করা হয় অসাধুপায় অবলম্বনকারী ওই পরীক্ষার্থীকে। অভিযুক্ত পরীক্ষার্থী নাম মুনতাসির কাদের তাওসিফ। তিনি চট্টগ্রামের বাঁশখালি উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের চান্দগাঁও হাজেরা তজু ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, পরীক্ষার হলে সাধারণত মোবাইলসহ অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও পরীক্ষার হলে দেরিতে প্রবেশের সুবাদে মোবাইল নিয়ে ঢোকার সুযোগ পেয়েছিলেন তাওসিফ। পরীক্ষা শুরুর আধাঘণ্টা পর ফেসবুকে শাফায়েত আহমেদ (সিহান) নামে এক বন্ধুর কাছে প্রশ্নের ছবি তুলে পাঠান মুনতাসির কাদের তাওসিফ। তবে তার বন্ধু ম্যাসেজগুলো দেখার আগেই হল পরিদর্শকের হাতে ধরা পড়েন ওই পরীক্ষার্থী। তাৎক্ষণিক ওই শিক্ষার্থীকে ডিন অফিসে নিয়ে জিজ্ঞেসাবাদ করা হয়। তবে কোনো চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।